২০ বছরের সাধনায় সাফল্য, ইন্ডিয়ান আইডলের রানী এখন বাঙালি কন্যা মানসী!



নিমতার একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের সংগীত জগতের আকাশে বিচরণ শুরু হল মানসীর। রবিবার ‘ইন্ডিয়ান আইডল সিজন-১৫’ প্রথম হয়ে সুরের জগতে প্রতিষ্ঠিত হল আরও এক বাঙালি। এই খবরে গর্বিত রাজ্য তথা দেশবাসী। তাঁর একরাতে তারকা হওয়ার পিছনে অবশ্য রয়েছে দীর্ঘ কুড়ি বছরের সাধনা।



মা-বাবার ইচ্ছেতেই নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষের মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু। শিখতে শিখতেই তাঁর গানের প্রতি ভালোবাসা জন্মায়। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেছিলেন তিনি, আর স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী অগুনতি স্টেজ শো করেছেন। সমান তালে পড়াশোনাও চালিয়েছেন। 


দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে তাঁর স্নাতক হওয়া ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানসী। এখানেই তিনি থেমে যায়নি। 


বরং নিজেকে আরও তৈরি করে ২০২৪ সালে জুন-জুলাই মাসে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন। তারপর থেকে সাত-আট মাস টানা দর্শক ও বিচারকদের মনজয় করে রবিবার মানসীর ইন্ডিয়ান আইডলে প্রথম হওয়া। বাংলা থেকে এর আগে একজনই প্রথম হয়েছিল। তবে বাংলার মেয়ে হিসাবে মানসী প্রথম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন