টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজ জয়। এই দুই সিরিজের পারফরম্যান্সের ফল র্যাংকিং টেবিলেও পাচ্ছেন ক্রিকেটাররা। যার মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিকের।
বাঁহাতি পেসার মুস্তাফিজ টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন। ২ ম্যাচে ৩ উইকেট ও আঁটসাঁট বোলিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন তিনি, এখন তার অবস্থান নবম। শীর্ষ দশে মুস্তাফিজ ছাড়াও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবরতি, আকিল হোসেন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণই, রশিদ খান ও আর্শদীপ সিং। মুস্তাফিজ ছাড়াও আর্শদীপের উত্থানে শীর্ষ দশে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
শীর্ষ বিশে আছেন বাংলাদেশের আরও দুজন। সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।
শীর্ষ বিশে আছেন বাংলাদেশের আরও দুজন। সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে এক লাফে ১৮ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। গত ম্যাচে একাদশে না থাকলেও এই ওপেনার ১৮ ধাপ এগিয়ে এ মুহূর্তে ৩৭তম অবস্থানে রয়েছেন। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে আছেন ৩৯ নম্বরে। বড় লাফ দিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির নায়ক জাকের আলী অনিকও। তিনি এক ধাক্কায় ১৭ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে রয়েছেন যৌথভাবে, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সাথে।
ব্যাটারদের র্যাংকিংয়ে অবশ্য শীর্ষ বিশে কোনো বাংলাদেশি নেই, তানজিদই দেশের সেরা অবস্থানে রয়েছেন। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও শীর্ষ বিশে নেই কোনো বাংলাদেশি।
