পায়েল চৌধুরী পরিচালিত ছবি ‘বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প। এখানে সমকামীর প্রেমের একটি দিকও রয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। এখানে তিনি ভীষণ কমপ্লেক্স একটি চরিত্রে ধরা দিতে চলেছেন। ‘বৃষ্টির রাত্রি' ছবিতে নায়িকার বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়।
ছবি প্রসঙ্গে পরিচালক পায়েল চৌধুরী বলেছেন, ‘শুধু সমপ্রেম নয়, আরও বিশদে বলতে গেলে ’বৃষ্টির রাত্রি' একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সমপ্রেমী সম্পর্ক এই ছবির একটা ভীষণ গুরুত্বপূর্ণ অনুঘটক। তবে কাহিনীর প্রয়োজনেই এই সম্পর্ক গল্পে আসে, আর পাঁচটা সম্পর্কের মতো করেই। প্রিয়াঙ্কা ও পামেলা দুজনকে ভেবেই ছবির চিত্রনাট্য লিখেছিলাম, প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী, শ্যুট করার জন্য মুখিয়ে রয়েছি।'

ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন তন্ময় আচার্য। এডিটের দায়িত্বে রয়েছেন অয়ন আচার্য, সঙ্গে সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য সরকার। প্লে ব্যাকে রয়েছেন প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী পৌষালী বন্দোপাধ্যায়। খুব শিগগির শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।