স্টেজ শো হোক বা টেলিভিশন, কপিল শর্মার প্রায় সব অনুষ্ঠানেরই অবিচ্ছেদ্য অংশ সুমনা চক্রবর্তী। কখনও কপিলের স্ত্রী, কখনও আবার প্রতিবেশী হয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন।
পর্দায় কপিল-সুমনার খুনসুটি আগাগোড়াই নজর কেড়েছে। স্বামী-স্ত্রী হিসাবে তাঁরা এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিলেন যে অনেকেই ভাবতেন তাঁরা আসল জীবনেও দম্পতি।
সম্প্রতি সুমনা জানান, কপিলের বিয়ের সময় অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। অর্থাৎ দর্শকদের একাংশ বিশ্বাস করেছিলেন যে, সুমনাই বলিউডের অন্যতম কৌতুকশিল্পীর স্ত্রী।
সুমনা বলেন, কপিলের বিয়ের পরেও, "আমি যখনই বেড়াতে গিয়েছি, অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকী, কপিলের বিয়েতেও অনেক অতিথি আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমি বলতাম, 'আপনারা কি ওর বিয়ের আমন্ত্রণপত্র পড়েননি? আপনারা কি তার বিয়েতে গেটক্র্যাশ করছেন? কেন আপনারা আমাকে অভিনন্দন জানাচ্ছেন?"
সুমনা জানিয়েছেন, অনেকেই এখনও তাঁকে 'কপিলের স্ত্রী' বলেই চেনেন। কপিলের সঙ্গে সুমনা কমেডি নাইটস উইথ কপিল এবং দ্য কপিল শর্মা শো-তে কাজ করেছেন। তবে তিনি কৌতুক অভিনেতার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর অংশ ছিলেন না।
